সৌদি বাদশাহের রাশিয়া সফরে সোনার চলন্ত সিঁড়ি

সফর উপলক্ষে প্রায় ৮০০ কেজি খাবার আনা হয়েছে রাশিয়ায়

সৌদি বাদশাহর রাশিয়া সফরে তাঁর সঙ্গী দেড় হাজার জন। রয়েছে সোনার তৈরি চলন্ত সিঁড়ি ও বিশেষ কার্পেটও। এ সফরের সঙ্গে সংশ্লিষ্ট এক দায়িত্বশীল ব্যক্তি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত বুধবার রাতে চার দিনের সফরে রাশিয়ায় পা রাখেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। উড়োজাহাজ থেকে নামার সময় তিনি ব্যবহার করেন সোনার তৈরি চলন্ত সিঁড়ি। কিন্তু হুট করেই নষ্ট হয়ে যায় সেই সিঁড়ি। এতে সিঁড়ি ভেঙেই নামতে হয় ৮১ বছর বয়সী বাদশাহকে। পরে রুশ পুলিশের গাড়িবহর তাঁকে মস্কোর ভেতরে নিয়ে যায়।

সফর উপলক্ষে প্রায় ৮০০ কেজি খাবার আনা হয়েছে রাশিয়ায়। বাদশাহর সফরসঙ্গীরা কিছু ব্যক্তিগত কর্মচারীও নিয়ে এসেছেন। যে হোটেলে বাদশাহ আছেন, সেখানকার কর্মচারীদের পরিবর্তে কিছু ক্ষেত্রে এসব রাজকীয় কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। কারণ রাজকীয় কর্মচারীরা জানেন, কীভাবে এসব সফরসঙ্গীর পছন্দের খাবার বানাতে হয়।

বাদশাহ সালমান যে হোটেলে আছেন, সেখানে তিনি নিজস্ব আসবাব ব্যবহার করছেন। এগুলো সৌদি আরব থেকে নিয়ে এসেছেন তিনি।

Developed by DXDasia