সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রিয়া

এই অগস্টের শেষেই বিয়ে করছেন বলে খবর

বলিউড অভিনেত্রী তথা সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। এই অগস্টের শেষেই বিয়ে করছেন বলে খবর। রিয়া বিয়ে করছেন বয়ফ্রেন্ড শিবম তিওয়ারিকে। সম্প্রতি শিবমের সঙ্গে নিজের কিছু ছবি রিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যা নিয়ে আগ্রহ বেড়ে গিয়েছে। সুচিত্রা সেনের নাতনি তথা অভিনেত্রী-সাংসদ মুনমুন সেনের মেয়ে রিয়া ১৯৯১ সালে বিষকন্যা সিনেমায় শিশুশিল্পী হিসাবে কাজ শুরু করেন। তাঁর বোন রাইমা সেনও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম। তবে দুই বোনের কেউই এতদিন বিয়ে করেননি।

বলিউডে ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমা স্টাইলে অভিনয় করে খ্যাতি পান রিয়া। সেই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেন শরমন যোশী ও সাহিল খান। এছাড়াও কয়ামত ও ঝঙ্কার বিটস-এর মতো সিনেমায় সেকেন্ড লিড চরিত্রে রিয়া অভিনয় করেছেন। এছাড়াও আপনা সপনা মানি মানি, হে বেবি, পেয়িং গেস্ট-এর মতো হিন্দি সিনেমায় রিয়া অভিনয় করেছেন।

রিয়ার প্রথম বাংলা সিনেমা 'মনে পরে তোমাকে'। এটি একটি বাংলাদেশি সিনেমা। পরে ২০১০ সালে টলিউডে আবহমান সিনেমায় রিয়াকে দেখা যায়। এরপরে নৌকাডুবি, জাতিশ্বর, কলকাতা কলিং, ডার্ক চকোলেটের মতো সিনেমায় রিয়া অভিনয় করেছেন। এবার সবকিছুর পাশাপাশি সংসার সামলাতে চলেছেন তিনি।

Developed by DXDasia