
ওদিকে তখন গীতা-রাজুকে পার্টি অফিসে বসিয়ে রসগোল্লা খাওয়াচ্ছেন লোকাল নেতারা
অমিত শাহের নাটকে জল ঢেলে দিল গৌতম দেবের জলসা। জঙ্গল সাঁওতালের জমিতে হিন্দুত্বের হুঙ্কার শোনাতে বিজেপি সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ দিনমজুর রাজু মাহালি আর গীতা মহালির বাড়িতে কলাপাতায় ভাত, ডাল, ঘণ্ট খেয়ে সবে ঢেকুরটা তুলেছেন, ইতিমধ্যেই খবর এল, রাজু-গীতা রাজ্যের উন্নয়নে মুগ্ধ হয়ে তৃণমূলে ‘জয়েন’ করেছেন। নকশালবাড়ির কেটিয়া জোতে রাজু-গীতা থাকেন। পেটই চলে না ভালো করে, রাজনীতি করার সময় কোথায়! ওদেরই পাকড়াও করে হিন্দুত্ববাদী বানানো হয়েছিল।তা দেড় দিনে যদি হিন্দুত্ববাদী হওয়া যায়, তবে দু’দিনে তৃণমূল হওয়া যাবে না কেন? হলেনও তাই। বিজেপির কাঁচা ধানে এমন মই পড়বে তা বোধ হয় নেতারা আঁচও করতে পারেননি। গীতা-রাজু এখন ভিআইপি। চারদিকে পুলিশে পুলিশ। বিজেপি মামলা করেছে, তৃণমূল কিডন্যাপ করেছে গীতা-রাজুকে। ওদিকে তখন গীতা-রাজুকে পার্টি অফিসে বসিয়ে রসগোল্লা খাওয়াচ্ছেন লোকাল নেতারা। পাশের বাড়ি থেকে তখন রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে, ‘কোন খেলা যে খেলব কখন……’।
