মুকেশ অম্বানি থেকে জেফ বেজোস, বিশ্বের তাবড় শিল্পপতিদের টপকে গেলেন আদানি

ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স-এর পরিসংখ্যান এ কথাই বলছে

২০২১ সালে, যখন বিশ্বের ধনীতম শিল্পপতির তকমা নিয়ে জোর টানাটানি চলছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং টেসলা-র মালিক ইলন মাস্কের মধ্যে, তখন ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স জানাচ্ছে, ১ বছরের মধ্যে সম্পত্তির নিট মূল্য বৃদ্ধির নিরিখে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি, জেফ বেজোস অথবা ইলন মাস্ককেও টেক্কা দিয়েছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।

ব্লুমবার্গ-এর মতে, ২০২১ সালে ১৬২০ কোটি থেকে আদানির সম্পত্তির নিট মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫০০০ কোটি টাকা। এ ব্যাপারে বেজোস বা মাস্ক-সহ বিশ্বের তাবড় শিল্পপতিদের টপকে গিয়েছেন আদানি। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে কেবলমাত্র ১টি ক্ষেত্র ছাড়া আদানি গোষ্ঠীর সবক’টি ব্যবসার শেয়ারের মূল্য ৫০ শতাংশ হারে বেড়েছে। কোনও কোনও ব্যবসায় আদানিদের মুনাফার হার ছাপিয়ে গিয়েছে ৯০ শতাংশও।

ফরাসি বহুজাতিক সংস্থা টোটাল এসএ, নিউ ইয়র্কের ওয়ারবার্গ পিনকাস-এর মতো নামী ইক্যুইটি কোম্পানির থেকে বিনিয়োগ জুটিয়ে নিয়েছে আদানি গোষ্ঠী। নিজের ব্যবসায়িক সাম্রাজ্যে বন্দর, বিমানবন্দর, ডেটা সেন্টার থেকে কয়লা খনিও জুড়েছেন গৌতম। ব্যবসা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত তার সম্প্রসারণ করেছেন। যা নজর কেড়েছে শিল্প ক্ষেত্রে পরামর্শদাতা থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারীদের।

শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, চলতি বছরে আদানি গ্যাস লিমিটেডের শেয়ার বেড়েছে ৯৬ শতাংশ। গোষ্ঠীর মূল সংস্থা আদানি এন্টারপ্রাইজ এগিয়েছে ৯০ শতাংশ হারে। আদানি ট্রান্সমিশন লিমিটেডের শেয়ার ছুঁয়েছে ৭৯ শতাংশ বৃদ্ধি। অন্য দিকে, এই গোষ্ঠীর বিদ্যুৎ, বন্দর বা গ্রিন এনার্জি ক্ষেত্রে ৫২ শতাংশেরও বেশি মুনাফা হয়েছে।

 

Developed by DXDasia