
সরাসরি গঙ্গাসাগর মেলা এবার দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবে
গঙ্গাসাগর মেলায় যাওয়ার খুব ইচ্ছা? অথচ একদিনের জন্যও যেতে পারবেন না? কপালের ভাঁজ দূর করুন। কারণ সুন্দরবন জেলা পুলিশের অভিনব উদ্যোগে সরাসরি গঙ্গাসাগর মেলা এবার দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবেই। গঙ্গাসাগর মেলায় কপিলমুনি মন্দিরের পুজো-আরতি থেকে শুরু করে মেলা চত্বর জুড়ে ঘটা সমস্ত ঘটনাই সরাসরি দেখা যাবে। সুন্দরবন জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি ২৫ ডিসেম্বর একটি সাংবাদিক সম্মেলনে নিজেই এ কথা জানিয়েছেন। মন্দিরে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়াও ১৫টি জায়ান্ট এলইডি স্ক্রিনের ব্যবস্থাও থাকবে চত্বর জুড়ে।
‘গঙ্গাসাগর মেলা সহায়তা অ্যাপ’ নামে একটি জিএমএস অ্যাপ পুলিশের তরফ থেকে গতবার চালু করা হয়েছিল। এই বছর থেকে অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং আইওএস স্টোর থেকে ডাউনলোড করা যাবে। বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, তেলেগু এবং ওড়িয়া এই ছ’টি ভাষায় ব্যবহার করা যাবে অ্যাপটিকে। এই অ্যাপের মাধ্যমে পুণ্যার্থীরা মেলা প্রাঙ্গণের মানচিত্র, সাগরদ্বীপে আসা ও যাওয়ার ট্রাভেল রুট, মেলায় নিখোঁজদের তালিকা, পুলিশের নানা উপদেশাবলী, ওয়েদার আপডেট, ট্রেন ও ভেসেলের নির্দিষ্ট সময় এবং জোয়ার-ভাটার সময় সবকিছুই জানতে পারবেন। এছাড়াও নজরদারি চালাতে থাকছে ১২টি ড্রোন। মোতায়েন করা হচ্ছে প্রায় দশহাজার পুলিশ কর্মী।
