গঙ্গার ভাঙনে তলিয়ে গেল বাড়ি

নদীয়ার কল্যাণীর কাছে চাকদা ব্লকের সরাটি গ্রামের ঘটনা

নদীয়ার কল্যাণীর কাছে চাকদা ব্লকের সরাটি গ্রামে শনিবার সকালে গঙ্গার প্রবল ভাঙনে তিনটি বাড়ি ভেঙে পড়ে। ওই তিনটি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। চাকদার সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশীথভাষ্কর পাল ঘটনাস্হল পরিদর্শনে যান। তিনি জানান, এর আগে চাঁদুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নদী ভাঙনে তিনটি বাড়ি ভেঙে পড়েছিল। এদিন সকাল থেকেই সরাটি গ্রাম পঞ্চায়েতের সরাটি গ্রামে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করে। বাড়ির পাশাপাশি ধানজমিও নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে। গঙ্গায় জল নামার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়ে যায়। স্হানীয় বাসিন্দা সুনীল রায় জানান, এতদিন চরসরাটি এলাকায় নদী ভাঙন ছিল। সেটা রোধ করা সম্ভব হয়েছে। এবার তা সরাটি গ্রামেও শুরু হল। তাঁরা রীতিমতো আতঙ্কিত। এদিকে, গঙ্গার ভাঙনের জেরে সবচেয়ে খারাপ অবস্হা চাঁদুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের। এই গ্রাম পঞ্চায়েতের ১৪টি গ্রামসভার মধ্যে অবশিষ্ট রয়েছে মাত্র পাঁচটি। এই পাঁচটির মধ্যে আবার সান্যালচর, মালোপাড়া সহ আরও তিনটি পাড়ার অধিকাংশটাই নদীগর্ভে তলিয়ে গেছে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত এবং তার পরে গঙ্গায় জলস্ফীতির ফলে ভাঙন কিছুটা কম থাকলেও, জল কিছুটা কমতেই ভাঙন প্রকট আকার ধারণ করেছে। ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদী কোনও পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে এলাকার বাসিন্দারা মনে করেন। চাকদার সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, চাঁদুড়িয়া এবং সরাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গার ভাঙন সম্পর্কে তিনি জেলা প্রশাসনের কাছে আগেই রিপোর্ট পাঠিয়েছেন আবারও পাঠাবেন

Developed by DXDasia