ছয় বছরের শিশুর অঙ্গে আলো পাবে অন্য কেউ

রাজ্যে এই প্রথমবার ৬ বছরের বয়সী ছেলের পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নিলেন

রাজ্যে এই প্রথমবার ৬ বছরের বয়সী ছেলের পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নিলেন। এনকেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে ব্রেন ডেথ হয়েছে খড়দহ মিশন পাড়ার বাসিন্দা সূর্যপ্রভ চন্দ্র’র। তারপরেই ছেলেটির বাবা-মা এই নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার থেকে ভয়াবহ জ্বরে ভুগছিল সূর্যপ্রভ। দুইদিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনটি বেসরকারি হাসপাতাল তাকে ভর্তি করতে না চাওয়ায় শেষমেশ নিউটাউনের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, এনকেফ্যালাইটিস হয়েছে সূর্যপ্রভর। সেখানেই পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা শুরু হয় তার। পরবর্তীতে চিকিৎসকেরা সূর্যপ্রভর পরিবারকে জানান, ব্রেনডেথ হয়েছে তার। তারপরেই বাবা-মা সূর্যপ্রভর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। এসএসকেএমের এক প্রতিনিধি দল নিউটাউনের ওই হাসপাতালে পৌঁছন। অঙ্গদান কোনো মুহূর্তে সম্ভব কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে সেই টিম। তাঁরা নির্দেশ দিলেই অঙ্গদান সম্ভব হবে সূর্যপ্রভর। যদি সূর্যপ্রভর অঙ্গদান সম্ভব হয়, তাহলে পশ্চিমবঙ্গে এত কমবয়সী ছেলের অঙ্গদান এই প্রথমবার হবে। পরিবার চান অন্য একজন বাচ্চা সূর্যপ্রভর জন্য আলো পাক। আরেক বাবা-মায়ের হাসি ফোটাক সূর্য।

ছবি- সংগৃহীত 

Developed by DXDasia