
বিড়লা তারামণ্ডল হাজির করছে মহাকাশ ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা
এবার শীতে সপরিবার ঘুরে আসুন মহাকাশ থেকে। অবাক হচ্ছেন? এবার যদি বলি, এই মহাকাশ-ভ্রমণ সেরে ফেলার জন্য কলকাতার বাইরে পা রাখারও প্রয়োজন নেই! বিশ্বাস হচ্ছে না তো?
এমনই অভাবনীয় ঘটনা ঘটতে চলেছে কলকাতার এম পি বিড়লা তারামণ্ডলের নতুন শো-র সৌজন্যে। যার ফলে, এবার তারামণ্ডলের প্রোজেকশন-কক্ষে বসেই পেতে পারেন মহাকাশ ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা। কলকাতা তথা ভারতে এই ধরনের উদ্যোগ এই প্রথম বলেই জানাচ্ছেন তারামণ্ডলের এক অধিকর্তা।
‘আওয়ার ইউনিভার্স’ নামের থ্রিডি প্রদর্শন। যেটি বানানো হয়েছে মহাকাশ-গবেষকদের সর্বশেষ পর্যবেক্ষণকে ব্যবহার করে। শো শুরু হতেই দর্শকরা অনুভব করবেন তাঁরা একটি স্পেসক্র্যাফটে বসে আছেন। যেভাবে রকেট উৎক্ষেপণের সময় কাউন্টডাউন হয়, রকেটের ভেতর থেকে যেভাবে মহাকাশকে দেখা যায়, আবার যেভাবে রকেট ফিরে আসে পৃথিবীতে, নিজেদের চোখ-কান দিয়ে সেই সবটার আঁচই ভরপুর নিতে পারবেন দর্শকরা।
‘কার্ল জেইস’ নামের একটি সংস্থার সহযোগিতায় তারামণ্ডল কর্তৃপক্ষ প্রায় ছ’মাসের চেষ্টায় সাজিয়ে তুলেছে এই অভিনব প্রদর্শন। প্রত্যেকদিন সন্ধে সাড়ে ৬টায় এই শো আপাতত ইংরেজিতে হবে, পরবর্তীকালে বাংলা এবং হিন্দিতে শো’রও ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ দর্শকের পাশাপাশি জ্যোতির্বিদ্যার ছাত্র-গবেষকরাও এই শো যথেষ্ট উপভোগ করবেন বলেই আশা তারামণ্ডল কর্তৃপক্ষের। অতএব, এবার শীতে কলকাতাবাসীর ঠিকানা হোক বিড়লা তারামণ্ডল থুড়ি মহাকাশ।
ছবি সূত্র – The Telegraph
