পরনে শাড়ি, কণ্ঠে লতা- সোশ্যাল মিডিয়ার দৌলতে পাল্টে গেল ‘ভিখারিনী’ রানুর জীবন

তাঁর ভাঙাচোরা বাড়িতেই হাজির হচ্ছেন শ্রোতারা

কার ভাগ্যে কখন কী থাকবে, কেউ বলতে পারে না। সম্প্রতি একটি ঘটনা বা বলা ভালো একটি গান সম্পূর্ণ বদলে দিল রানুদেবীর জীবন। এতদিন রানাঘাট স্টেশনে বসে গান গেয়েই সামান্য রোজগার হত তাঁর। কিন্তু সেই গানই যে তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তুলবে, নেটদুনিয়ায় তিনি ভাইরাল হবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি পঞ্চান্ন বছর বয়সী রানু মারিয়া মণ্ডল। বহুদিন স্নান করেননি। মাথায় সাদা পাকা চুল। দীর্ঘদিনের অযত্ন তাঁর শরীরে। ইতিমধ্যেই তাঁর গানের ভিডিও দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ।

এবার চেনা ছক থেকে বেরিয়ে এলেন রানু। মেয়েদের ফিরে পেলেন। নতুন শাড়ি পরলেন। সবকিছুই তাঁর কাছে কল্পনাতীত ছিল। কোনোদিন গান শেখেননি। কিন্তু হিন্দি-বাংলা বিভিন্ন গান তাঁর মুখস্থ। গানে ব্যবহৃত ছোট্ট ছোট্ট নোট্‌স কী অনায়াসে কাজে লাগাতে পারেন তিনি।

তাঁর ভাঙাচোরা বাড়িতেই হাজির হচ্ছেন শ্রোতারা। তাঁকে দেখতে ভিড় জমছে। এমনকি, মুম্বইয়ের একটি টেলিভিশন চ্যানেলও তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। রানু এখন খুশি। জীবনের এই পর্যায়ে পৌঁছে এতকিছু চেয়েছিলেন কিনা জানা নেই। কিন্তু একজন সামান্য ‘ভিখারিনী’কে নিয়ে মানুষের মধ্যে যে উল্লাস, সেখানে প্রমাণিত হয় মনুষ্যত্ব আজও মরেনি। ‘ভাঙাচোরা’ রানুদেবী এখন শক্তি পেয়েছেন। আগামী জীবন তিনি বাঁচার মতো বাঁচুন, এই কামনা।

Developed by DXDasia