ফরাসি প্রেসিডেন্টের মেকআপের খরচ ২৬ হাজার পাউন্ড

সমালোচনার মুখে প্রেসিডেন্টের সাজগোজ

ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে দেখতে কেন এত তরুণ লাগে তার কারণ জানা গেল। দ্য গার্ডিয়ান পত্রিকা জানাচ্ছে, ফরাসি প্রেসিডেন্টের মেকআপের জন্য গত তিন মাসে খরচ হয়েছে ২৬ হাজার পাউন্ড।

মে মাসে এলিসি প্রাসাদে প্রবেশের পর ৩৯ বছর বয়সী ম্যাক্রোঁ তার ব্যক্তিগত মেকআপ শিল্পীকে দু’দফায় বিল মিটিয়েছেন। প্রথম দফায় ১০ হাজার আর দ্বিতীয় দফায় ১৬০০০ পাউন্ড।

সরকারি ভাবে সাংবাদিকদের বলা হয়েছে, ২৬ হাজার পাউন্ডের মধ্যে প্রেসিডেন্টের প্রেস কনফারেন্সের সময়ের সাজগোজ এবং মেকআপ ও বিদেশে ভ্রমণের সময় মেকআপ শিল্পীর সফরের খরচও ধরা আছে।

প্রসঙ্গত, ম্যাক্রোঁর পূর্বসুরি ফ্রাসোয়াঁ ওলান্দ প্রতি মাসে সাজতে খরচ করতেন ১০ হাজার পাউন্ড। এজন্যই তাঁকে ‘শ্যাম্পু সোশ্যালিজম’ বলে বিদ্রুপ করা হতো।

ওলান্দের পূর্বসুরি নিকোলাস সারকোজির মাসে মেকআপ খরচ ছিল ৮ হাজার পাউন্ড।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ছয় বছরে মেকআপের পেছনে ব্যয় করেন ১৮ হাজার পাউন্ড।

এমানুয়েল ম্যাক্রোঁ যে বড় কোনও গোলমাল করে ফেলেছেন এমন কথা বলা যাবে না। তবে নিজের দেশে তাঁকে এই নিয়ে বেশ সমালোচনার মধ্যেই পড়তে হচ্ছে।

Developed by DXDasia