
রাজ্যে প্রথম একটি মহকুমা হাসপাতালে এই ধরনের উদ্যোগ
মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার জন্য কিছু বিশেষ ব্যবস্থা আছে। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় কাজ করে রক্তের অণুচক্রিকা এবং বেশ কয়েকটি ফ্যাক্টর। এদের মধ্যে বিশেষ দুটি ফ্যাক্টর কম মাত্রায় উৎপাদিত হলে রক্তের জমাট বাঁধায় সমস্যা দেখা দেয়। এ রকম পরিস্থিতিতে শরীরের ভেতরে নিজে নিজেই রক্তক্ষরণ শুরু হতে পারে। একে বলে হিমোফিলিয়া। হিমোফিলিয়ার স্থায়ী কোনো চিকিৎসা নেই। ইনজেকশনের মাধ্যমে রক্তের ফ্যাক্টর শরীরে প্রবেশ করানোই এর মূল চিকিৎসা। গরিব মানুষের পক্ষে এই ইঞ্জেকশনটি কেনা যথেষ্ট কষ্টকর। আরামবাগ মহকুমা হাসপাতাল সেই লক্ষাধিক টাকার ফ্যাক্টর এইট ইঞ্জেকশন দরিদ্র রোগীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করল গত শুক্রবার।
আরামবাগ মহকুমা হাসপাতালের সুপার শিশির নস্করের উদ্যোগে কলকাতা হিমোফিলিয়া সোসাইটির কাছ থেকে জোগাড় করা হয়েছিল আরামবাগ, চন্দননগর, এবং বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার হিমোফিলিয়া আক্রান্ত মানুষের তালিকা। এদের মধ্যে ২২ জনের হাতে সেদিন ফ্যাক্টর এইট ইঞ্জেকশন তুলে দেওয়া হয়। রাজ্যে এই প্রথম কোনো মহকুমা হাসপাতাল থেকে বিনামূল্যে হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হল বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এতদিন শুধুমাত্র বীরভূমের শিউড়ি জেলা হাসপাতাল, হুগলি জেলা হাসপাতাল এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই সুবিধে ছিল।
