ফিক্সিং কেলেংকারির পর ভারতীয় ক্রিকেটকে নয়া দিশা দেখিয়েছিলেন সৌরভ

আজ ৪৭-এ পা দিলেন মহারাজ

ফিক্সিং কেলেংকারির ঘটনা ছিল ভারতীয় ক্রিকেটের প্রতি সবথেকে বড়ো আঘাত। তখন সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের কাছে ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল। এরকম পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায় দলের অধিনায়ক হওয়ার পর ভারতীয় ক্রিকেট টিমের ভবিষ্যৎটাই বদলে যায়। আজ সেই প্রিন্স অফ কলকাতার ৪৭তম জন্মদিন।

২০০০ সালে মহারাজ যখন ভারতীয় ক্রিকেট দলে নেতৃত্ব গ্রহণ করলেন, আমাদের দেশের জাতীয় ক্রিকেট টিম তখন ফিক্সিং-এর অভিযোগে জেরবার। এরই মধ্যে তিনি নতুন করে ঢেলে সাজালেন টিমকে, তাঁর অধিনায়কত্বেই দেশের খেলোয়াড়রা বিদেশের মাটিতে নতুন উদ্যমে জিততে সক্ষম হয়েছিলেন। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট মহলে আবার ভারতীয় ক্রিকেটারদের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। বিদেশি খেলোয়াড়দের চোখ রাঙানিকে উপেক্ষা করে পাল্টা জবাব কীভাবে দিতে হয়, সৌরভ গঙ্গোপাধ্যায় সেটাও ভারতীয় ক্রিকেট টিমকে প্রথম শেখালেন। 

বীরেন্দ্র সেহওয়াগ, আশিস নেহরা, জাহির খান, হরভজন সিং-এর মতো তুখোড় ক্রিকেটারদের কেরিয়ার শুরু হয়েছিল তাঁরই হাত ধরে। মহেন্দ্র সিং ধোনিকেও দলে সুযোগ করে দেওয়ার প্রধান কারিগর ছিলেন সৌরভ। 

ছবি সূত্র – ফেসবুক 

Developed by DXDasia