
হাতির উপদ্রব রুখতে বিশেষ উদ্যোগ
ভিন রাজ্য থেকে বছরের যে কোনো সময়ে হাতি ঢুকে পরে বাঁকুড়ায়। তখন পরিস্থিতি সামাল দিতে হয় বন দপ্তরকে। কখন যে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে দাপাদাপি শুরু করবে, সেই আশঙ্কায় সব সময়েই ত্রস্ত থাকেন জঙ্গল লাগোয়া এলাকার মানুষ। ১২ মে বাঁকুড়ার মানুষ অংশ নেবেন লোকসভা নির্বাচনে। ওই দিন যাতে নির্বিঘ্নে ভোটাররা বুথে গিয়ে ভোট দিতে পারেন, তার জন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করলেন বনকর্তারা।
এখন ৯টি হাতি চরে বেড়াচ্ছে উত্তর বাঁকুড়াতে। বন দপ্তর তাদের চোখে চোখে রাখছে। জেলার মোট ৩৪৭টি বুথকে হাতিপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। এইসব জায়গায় নির্বাচনের দু’দিন আগে থেকে এলিফ্যান্ট ম্যানেজমেন্ট টিম টহলদারি চালাবে। থাকবে বিশেষ যান ‘ঐরাবত’। বন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের ফোন নম্বর পাঠানো হয়েছে পুলিশ আর প্রশাসনের কাছে। নির্বাচনের পর ভোটকর্মীরা ফিরে না আসা পর্যন্ত জঙ্গলে নজরদারির ব্যবস্থা থাকবে।
