এবার আপনার পাতে রবিবাবুর প্রিয় খাবার

ইঁচড় চিংড়ি, মাছের পোলাও, মৌরলা, পুঁটি মাছের টক, আম দিয়ে তৈরি শোল মাছ…

গান কবিতা গল্প ও ছবির সঙ্গে এই বছর কবির জন্মদিন পালন করুন তাঁর পছন্দের খাবার খেয়ে। উৎসবের নাম ‘জন্মদিনের খাওয়াদাওয়া’। ২৫ বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন। এই উপলক্ষে কলকাতার নলবন ফুড পার্কে রাজ্য মৎস্য দপ্তরের অন্তর্গত ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন এই উৎসবের আয়োজন করেছে। তিনদিন ধরে চলা এই উৎসবে গানবাজনার সঙ্গে থাকবে রবি ঠাকুরের পছন্দের খাবারও।

মেনুতে রাখা হয়েছে তাঁর পছন্দের দেশি বিদেশি নানা খাবার। আর থাকবে প্রজ্ঞাসুন্দরী দেবীর লেখা ‘আমিষ ও নিরামিষ রন্ধন’ বইয়ে খুঁজে পাওয়া ঠাকুরবাড়ির পুরনো রেসিপি। ইঁচড় চিংড়ি, মাছের পোলাও, মৌরলা কিংবা পুঁটি মাছের টক, আম দিয়ে তৈরি শোল মাছের পদ, পটলের দোলমায় আড় বা বোয়াল মাছের পুর এবং হরেক রকম মাছ দিয়ে তৈরি খাবার। এই গরমে আরাম দিতে কবির এনার্জি বুস্টার হিসাবে পরিচিত পোড়া আমের শরবতও পাওয়া যাবে।

Developed by DXDasia