পুজোর আগেই গঙ্গাবক্ষে চালু হবে অভিনব হাউসবোট রেস্তোরাঁ

রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগ

বাঙালি শ্রেষ্ঠ উৎসব শুরু হওয়ার আগেই গঙ্গায় ভাসবে দু’টি হাউজবোট। সেগুলোয় থাকবে খাওয়াদাওয়ার অঢেল ব্যবস্থা। বাঙালি খাবার তো বটেই, দেশ-বিদেশের নানা সুস্বাদ্য খাবারও মিলবে সাধ্যের মধ্যেই। ক্রেতাদের পছন্দ অনুযায়ী আইটেম নিয়ে মেনু লিস্ট তৈরি করা হচ্ছে। পর্যটক টানতে এই নজিরবিহীন উদ্যোগ নিল রাজ্য পর্যটন দপ্তর।

একটি হাউজবোটে উঠতে হবে বাবুঘাট থেকে। সেটি বাবুঘাটের আশেপাশেই ভেসে বেড়াবে গঙ্গায়। আরেকটি  চন্দননগর, ব্যারাকপুরের মতো এলাকার গঙ্গায় থাকবে। পাশাপাশি গাজলডোবা, মুকুটমণিপুর এবং দীঘাতেও থাকবে ভাসমান রেস্তোরাঁ। দ্বিতীয় পর্যায়ে হাউজবোট রেস্তোরাঁ চালু হবে সুন্দরবন এবং মাইথনে। 

হাউজবোটগুলির একতলা শীতাতপ নিয়ন্ত্রিত। সেখানে ৪০ জনের বসার ব্যবস্থা রয়েছে। আর দোতলায় ওপেন এয়ারে বসতে পারবেন ২০ জন। শনি আর রবিবার সারাদিন রেস্তোরাঁ চালু থাকবে। সকাল থেকেই থাকবে ভূরিভোজের বন্দোবস্ত। অন্য দিনগুলোয় সন্ধের পর খুলবে রেস্তোরাঁ। যে কেউ wbtdcl.com-এর মাধ্যমে অনলাইনে রেস্তোরাঁ বুক করতে পারবেন। এছাড়া বাবুঘাট থেকেও স্পট বুকিং-এর সুযোগ থাকছে।

ইতিমধ্যেই কনফারেন্সের জন্য গঙ্গাবক্ষে হাউজবোট চালু করেছিল পর্যটন দপ্তর। কিন্তু সেখানে রেস্তোরাঁ ছিল না। রান্না করা খাবার নিয়ে যেতে হত। সেই খাবারের ব্যবস্থা করে দিত পর্যটন দপ্তরই। 
 

Developed by DXDasia