
প্লাস্টিক নিয়ে কঠোর হল গ্রিন ট্রাইবুনাল
দেশের রাজধানী দিল্লির রাস্তা ঘাটে যেখানে হোক ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে যদি কেউ ঘোরাঘুরি করেন, তাঁকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। ৫০ মাইক্রনের নীচে প্লাসটিক ব্যাগ ব্যবহারের উপর নিষেদ্ধাজ্ঞা অনেকদিনই জারি হয়েছে রাজধানীতে। কিন্তু কে শোনে কার কথা। লুকিয়ে চুরিয়ে দিব্যি হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে ৫০ মাইক্রনের নীচের প্লাস্টিক। বাধ্য হয়েই এবার তাই কড়া সিদ্ধান্ত নিল গ্রিন ট্রাইবুনাল বা পরিবেশ আদালত। বৃহস্পতিবার একটি লিখিত নির্দেশিকা জারি করেছে জাতীয় পরিবেশ আদালতের চেয়ারপার্সন বিচারপতি স্বতন্ত্র কুমার। সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে রাস্তা ঘাটে যেখানে হোক ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিক যার হাতে দেখা যাবে তাকেই ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সেইসঙ্গে বিচারপতি আপ সরকারকে নির্দেশ দিয়েছেন দিল্লির সর্বত্র অভিযান চালিয়ে ৫০ মাইক্রনের নীচে থাকা প্লাস্টিকের প্যাকেট বাজেয়াপ্ত করার।
সেই সঙ্গে আপ সরকার পরিচালিত দিল্লির নগর উন্নয়ন পর্ষদ এবং দিল্লির দুষণ নিয়ন্ত্রণ কমিটিকেও অবিলম্বে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জানুয়ারি ২০১৭ থেকেই পরিবেশ আদালত দিল্লি ও এনসিআর–এ ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। রাস্তাঘাটে আবর্জনা ফেলার জন্য ১০ হাজার টাকা জরিমানা করার কথাও ঘোষণা করেছিল। কিন্তু তাতে কাজ হয়নি। ৫০ মাইক্রনের নীচের প্লাস্টিক রিসাইকেল হয় না। আবার প্লাস্টিক যেহেতু বায়োডিগ্রেডেবল নয়, অর্থাৎ হাজার হাজার বছরেও মাটিতে মিশে যায় না, ফলে মাটিকে নষ্ট করে দেয়, ধ্বংস করে নিকাসি ব্যবস্থাকে।
