
মূলত গ্রামীণ এলাকারই রাস্তা মেরামত করা হবে ওই টাকা দিয়ে
পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হল বন্যায় ক্ষতি হয়ে যাওয়া গ্রামীণ এলাকার রাস্তা মেরামত করতে। নবান্নসূত্রে এ খবর জানা গিয়েছে। বন্যায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বহু রাস্তা জলের তোড়ে ভেসে গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ রাস্তা। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় তৈরি হওয়া বহু রাস্তাও ভেঙে চুরমার। এমন একটা পরিস্থিতিতে ভেঙেচুরে যাওয়া রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে অর্থ দপ্তরের বিশেষ তহবিল থেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকা দিয়ে মূলত গ্রামীণ এলাকারই রাস্তা মেরামত করা হবে। বৃষ্টি কমলেই রাস্তা তৈরির কাজ শুরু হবে। পঞ্চায়েত ভোটের আগেই রাস্তার হাল ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাস্তার পাশাপাশি ডিভিসি’র ছাড়া জলে ও ভারী বর্ষণে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি প্রভৃতি জেলা জলমগ্ন হয়ে পড়ে। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মানুষের মৃত্যুও হয়। কৃষি, মৎস্য, পূর্ত, পঞ্চায়েত, পুর-নগরোন্নয়ন এবং প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের কাছ থেকেও বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব চাওয়া হয়েছিল। সেই হিসাব নবান্নে পৌঁছেছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সাহায্যের জন্য দিল্লিতে ওই ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে চিঠি পাঠানো হবে বলে নবান্ন সূত্রের খবর।
