
নামখানার হারিয়ে যাওয়া মৎসজীবীকে উদ্ধার করল বাংলাদেশের জাহাজ
ঝোড়ো সমুদ্রের উত্তাল ঢেউয়ে ৪ দিন ধরে ভেসেছিলেন এক মৎসজীবী। এফবি নয়ন ১ ট্রলারের মাঝি ছিলেন তিনি। গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন এই ট্রলারের ১৬ জন মৎসজীবী। এদের মধ্যে একমাত্র তাঁকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
নামখানার বাসিন্দা এই মৎসজীবীর নাম রবীন্দ্রনাথ দাস ওরফে কানু। গত ৩ জুলাই ট্রলারে চেপে ১৬ জন মৎসজীবী ইলিশ মাছ ধরতে বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিলেন। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি নামে। বাংলাদেশ সীমান্তে ৬ জুলাই শনিবার উত্তাল ঢেউয়ে উল্টে যায় ট্রলার। জলের তোড়ে ভেসে যান ট্রলারের সবাই। এরকম অবস্থাতেই একটা বাঁশ সম্বল করে ৪ দিন ভেসে ছিলেন কানু।
বুধবার সকালে চট্টগ্রামের কাছে এক নদীতে কানুকে ভাসতে দেখেন এমভি জাওয়াদ নামের এক বাংলাদেশি জাহাজের নাবিকরা। উত্তাল স্রোতে উদ্ধারকার্যে সমস্যা হচ্ছিল প্রথমে। অবশেষে তাঁকে জল থেকে তুলে জাহাজে রাখা হয়। প্রাথমিক চিকিৎসার পর খানিকটা চাঙ্গা হয়েছেন তিনি। খাবার ও পোশাক দেওয়া হয়েছে তাঁকে।
কানুর বেঁচে থাকার খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁর পরিবার। হারিয়ে যাওয়া বাকি মৎসজীবীরও খোঁজ মিলবে, সেই আশাতেই বুক বাঁধছেন সবাই।
