
নাগরিকত্বহীন জীবন থেকে মুক্তির স্বাদ
দিল্লিতে কারা সরকার তৈরি করবে, কোন দল পাবে সবথেকে বেশি আসন, তাদের ভাগ্য নির্ধারণ করার অধিকার এবার প্রয়োগ করলেন সাবেক ছিটমহলের বাসিন্দারাও। বৃহস্পতিবার কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে এঁরা প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে ভোট দিলেন।
এদিন সাবেক ছিটমহলের প্রায় ১০ হাজার মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের নাটাবাড়ি, সিতাই, দিনহাটা, মাথাভাঙা, শীতলখুচি, বিধানসভা এলাকার সাবেক ছিটবাসীরা বৃহস্পতিবার নাগরিকত্বহীন জীবন থেকে মুক্তির স্বাদ পেলেন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে। সকাল থেকেই দিনহাটার মশালডাঙা, পোয়াতুর কুঠির মতো জায়গায় ছিল উৎসবের মেজাজ। এখানকার সাবেক ছিটের কেউ কেউ ২০১৬ সালের লোকসভা উপনির্বাচনে ভোট দিয়েছেন, তবে সাধারণ নির্বাচনে তাঁদের অংশগ্রহণ এবারই প্রথম।
