রাজ্যে প্রথম সাত পাকে বাঁধা পড়লেন লিঙ্গান্তরিত জুটি

তিস্তা-দীপনের বিয়েতে তৈরি হল নতুন ইতিহাস

সব রকম সামাজিক বাধাকে অতিক্রম করে আবার শেষ পর্যন্ত জয় হল প্রেমের। বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন তিস্তা দাস এবং দীপন চক্রবর্তী। পশ্চিমবঙ্গের প্রথম লিঙ্গান্তরিত দম্পতি হয়ে গড়লেন অনন্য নজির। 

তিস্তা দাস জন্মেছিলেন পুরুষ হয়ে। আগে তাঁর নাম ছিল সুশান্ত। একসময়ে তিনি বুঝতে পেরেছিলেন, পুরুষের শরীর তাঁর সঙ্গে মানানসই নয়। তাই ১৫ বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে হয়ে উঠেছিলেন নারী। আগরপাড়ার বাসিন্দা তিস্তা এখন কবি বুটিকশিল্পী ও সমাজকর্মী। অন্যদিকে, অসমের লামডিংযের বাসিন্দা দীপন চক্রবর্তী জন্মেছিলেন নারীদেহ নিয়ে। নাম ছিল দীপান্বিতা। তাঁর শরীরে কিছু পুরুষের উপসর্গ ছিল। বছর তিনেক আগে অস্ত্রোপচার করিয়ে তিনি পুরুষ হয়ে উঠলেন। এখন তিনি কলকাতায় একটি ভাড়াবাড়িতে থাকেন। কাজ করেন এক ওষুধ কোম্পানিতে। 

তিস্তা ‘লিঙ্গান্তরসংক্রান্ত’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। এই সংস্থারই একটি অনুষ্ঠানে যোগ দিতে আগরপাড়া এসেছিলেন দীপন। সেখানেই তাঁর আলাপ হয় তিস্তার সঙ্গে। তারপর বন্ধুত্ব এবং সেখান থেকে প্রেম। অবশেষে গতকাল সোমবার এই মহানগরেই তাঁরা বসলেন বিয়ের পিঁড়িতে। হিন্দুশাস্ত্রমতে বিয়ের সব আয়োজন ছিল নিঁখুত। বিয়েতে দীপনের বাবা-মা না আসলেও যোগ দিয়েছিলেন অন্যান্য আত্মীয়স্বজনরা। আগামীকাল হবে বৌভাতের অনুষ্ঠান। 

ছবিসূত্র – ফেসবুক 
 

Developed by DXDasia