এই প্রথমবার মাটির নিচে ছুটল ইস্ট-ওয়েস্ট মেট্রো

ফুলবাগান থেকে শিয়ালদার আগে পর্যন্ত চালানো হল ট্রেন

মাটির নিচে এই প্রথমবারের জন্য পরীক্ষামূলকভাবে ছুটল ইস্ট-ওয়েস্ট মেট্রো। শুক্রবার ফুলবাগান থেকে শিয়ালদার আগে পর্যন্ত চালানো হল ট্রেন। প্রথম দিনের পরীক্ষাতেই সফল মেট্রো-কর্তারা। কয়েকদিন আগেই এই লাইনে বিদ্যুৎ সংযোগ করার জন্য প্রয়োজনীয় অনুমতি পায় ইস্ট-ওয়েস্ট মেট্রো। মেট্রো-কর্তারা জানিয়েছেন, এত দিন পর্যন্ত এই মেট্রো সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত চলাচলের জন্য তৈরি হলেও, শুক্রবারের পর তা ফুলবাগান পর্যন্ত যাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি।

এদিন মেট্রো অতিক্রম করে প্রায় দেড় কিলোমিটার পথ। উপস্থিত ছিলেন মেট্রোর আধিকারিক এবং মেট্রোর কাজে যুক্ত কর্মীরা। সুভাষ সরোবরের কাছ থেকে ট্রেন মাটির নিচে নেমে যায়। এদিন সর্বাধিক ১৫ কিলোমিটার গতিতেই ট্রেন চালানো হয়েছে।

Developed by DXDasia