
হাসপাতালে প্রথম সফলভাবে জটিল অস্ত্রোপচার
হাঁটুর যন্ত্রণা এমন অবস্থায় পৌঁছেছিল যে বন্ধ হয়ে গিয়েছিল হাঁটাচলা। কোনো রাস্তা ছিল না হাঁটু প্রতিস্থাপন ছাড়া। এই পরিস্থিতিতে অন্য হাসপাতালে রেফার না করে বারাসত জেলা সদর হাসপাতালেই হল অস্ত্রোপচার। সফলভাবেই শেষ হল হাঁটু প্রতিস্থাপন। বারাসত জেলা সদর হাসপাতালে এরকম জটিল অস্ত্রোপচার এটাই প্রথম।
দত্তপুকুরের বিড়া গ্রামের রেবতী রায়ের বয়স ৬২। দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন তিনি। আর্থিক সমস্যার কারণে বড়ো ডাক্তারকে দেখাতে পারেননি। শেষে মাস দেড়েক আগে দেখাতে যান বারাসত জেলা সদর হাসপাতালে। পরীক্ষানিরীক্ষার পর তাঁর হাটু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ৩০শে জানুয়ারি ভর্তি নেওয়ার পর গত সোমবার অস্ত্রোপচার করেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ অরিন্দম মজুমদারের নেতৃত্বে পাঁচ জনের চিকিৎসক দল। প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় সফলভাবে প্রতিস্থাপিত হয় হাঁটু।
এতদিন হাঁটু প্রতিস্থাপনের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হত বাংলার মানুষদের। খরচ হত মোটা টাকা। জেলা হাসপাতালের পরিকাঠামোয় সম্পূর্ণ নিখরচায় এই ধরনের অস্ত্রোপচার সফল হওয়ায় তৈরি হল অনন্য নজির।
