বেহালায় প্রথম সরকারি ইংরেজি মাধ্যম হাইস্কুল

১০০টি ইংরেজি মাধ্যম সরকারি স্কুল চালু হবে রাজ্যে

সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে চান, অথচ, বেসরকারি স্কুলে ভর্তি করানোর মতো আর্থিক সামর্থ্য নেই? উদ্বিগ্ন হবে না। সাধারণ পরিবারের মেধাবী পড়ুয়াদের কথা ভেবে এবার বেসরকারি আদলে ইংরেজি মাধ্যম স্কুল চালু করল রাজ্য সরকার।  

আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যাতে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পায়, তার ব্যবস্থা করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। গত শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বেহালা সৌরীন্দ্র গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের উদ্বোধন করেন। বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে এটাই রাজ্য সরকারের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল। ২৮ শে ফেব্রুয়ারি থেকে ১৬০ জন পড়ুয়াকে নিয়ে ক্লাস শুরু হবে এখানে। প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির দুটি ক্লাসের প্রত্যেকটিতে দুটি করে বিভাগ নিয়ে যাত্রা শুরু করবে এই স্কুল।

রাজ্যজুড়ে শহর ও শহরতলি এলাকায় মোট ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল চালু করার জন্য ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। সরকারি বাংলা মাধ্যম স্কুলে পড়ুয়াদের বছরে ২৪০ টাকা করে দিতে হয়। ইংরেজি মাধ্যমেও আপাতত বেতনের কোনো পরিবর্তন হবে না বলে জানা গেছে।
 

Developed by DXDasia