মুখে আগুন দিলেই ডিম পাড়বে মুরগি, কালীপুজোয় ‘হটকেক’ নতুন বাজি

‘ফায়ার এগ’-এর মজেছেন বাজি-বিক্রেতা থেকে ক্রেতা সবাই

মুরগির মুখে আগুন দিলেই ডিম পাড়বে মুরগি। অবাক হচ্ছেন? আসল মুরগি না, এ আসলে নতুন বাজি। এই দীপাবলিতে মহেশতলা, বজবজ, নুঙ্গির বাজির বাজার কাঁপাচ্ছে এই আগুনে ডিম পাড়া মুরগিই। তামিলিনাড়ুর শিবকাশী থেকে আসা এই নতুন বাজিতেই মজেছেন বাজি-ব্যবসায়ী থেকে ক্রেতা সব্বাই।

এই বাজি কিন্তু সত্যিই মজার বেশ। মুরগির মুখে সলতে। সেখানে আগুন দিলে সেই তাপে গরম হতে থাকবে ডিম। এই ডিম আসলে বেলুন। আগুনের তাপে ফুলে বড়ো হতে থাকবে। তারপর বেরিয়ে আসবে মুরগির দেহ থেকে। বাজির নাম ‘ফায়ার এগ’। শব্দ নেই, দূষণও সীমা-ছাড়ানো নয়। কিন্তু অভিনবত্বে চমকে দেওয়ার মতো এই নতুন বাজি।

আপাতত ডজন প্রতি ‘ফায়ার এগ’-এর দাম পড়ছে ২০০-২৫০ টাকা। চাহিদা ভালোই। আগুনে ডিমই এবারের কালীপুজোয় হটকেক, বলছেন বাকি-বিক্রেতারা।

Developed by DXDasia