চাষবাস করে ইতিহাসবিদ হওয়ার স্বপ্ন দেখছে আমড়াবেড়িয়ার কিশোর

টিউশন করে পড়াশোনার খরচ চালায় এই মেধাবী ছাত্র

কয়েকজন ভাইবোনকে নিয়ে অভাবের সংসার। বাবা দিনমজুরের কাজ করে যৎসামান্য উপার্জন করেন। সেই বাধাবিপত্তির মধ্যেই ছেলে স্বপ্ন দেখে, বড়ো হয়ে একদিন ইতিহাসের নামি গবেষক হবে। পড়ার খরচ জোগাতে বাবার সঙ্গে কলবাগানে চাষবাস করে, টিউশন পড়িয়ে উচ্চমাধ্যমিকের কলা বিভাগে ৮৪ শতাংশ নম্বর পেয়েছে সেই ছেলে।

বারুইপুরের কাছে ক্যানিং-এর আমড়াবেড়িয়াতে থাকে আসাদুর রহমান লস্কর। খুব অল্প বয়স থেকেই সে পড়াশোনায় দারুণ মেধাবী। তার প্রিয় বিষয় ইতিহাস। মাধ্যমিকে ভালো ফল করার পর নিজের ইচ্ছেতেই সে একাদশ শ্রেণির কলা বিভাগে ভর্তি হয়েছিল। সারাদিন রোজগারের তাগিদে নানা কাজ করার পরও উচ্চমাধ্যমিকের ফলাফলেও তাক লাগিয়ে দিয়েছে আসাদুর। এবার ইতিহাস নিয়ে পড়াশোনার ইচ্ছে নিয়ে কয়েকটি কলেজের ফর্মও তুলে ফেলেছে। নিজের স্বপ্নপূরণে আসাদুল সফল হোক, এরকমই চায় তার পরিবার, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা।

 

Developed by DXDasia