
মাত্র ২০ সেকেন্ডের ঝড়েই লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর
সময়ের হিসেবকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক আগেই ওড়িশার উপকূলে আছড়ে পড়ল ‘ফণী’। সকাল ৯টায় ঘণ্টায় ১৮০-১৮৫ কিমি গতিবেগ নিয়ে সে ঢুকে পড়ে ওড়িশায়। পুরীতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ২০০ কিমি/ঘণ্টারও বেশি। তার প্রভাবে মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলী, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও শুরু হয়ে যায় ঝোড়ো হাওয়া আর বৃষ্টি।
ফণীর দাপটে ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে ওড়িশা। তার লেজের ঝাপটায় মাত্র ২০ সেকেন্ডের ঝড়েই লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। উপড়ে পড়েছে একাধিক গাছ।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ সন্ধের মুখেই কলকাতায় আছড়ে পড়বে ফণী। সময়ের যে পূর্বাভাস ছিল, তার অনেকটা আগেই। শক্তি বাড়িয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এই সুপার সাইক্লোন। রাজ্য সরকারের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি হয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে, কাজ মিটিয়ে সন্ধের আগেই বাড়ি ফিরতে।
যে কোনো বিপদে বা প্রয়োজনে যোগাযোগ করুন নিচের হেল্প লাইন নম্বরগুলিতে—
কলকাতার মানুষরা জরুরি অবস্থায় ফোন করুন কলকাতা পৌরসভার ০৩৩-২২৮৬-১৪১৪ নম্বরে। ফোন করতে পারেন কলকাতা পুলিশের কন্ট্রোল রুমেও। ০৩৩-২২১৪৩০২৪/ ২২১৪-৩২৩০/২২১৪-১৩১০ নম্বরে। বিশেষ হেল্পলাইন থাকছে একটি, ৯৪৩২৬১০৪৪৪, যে নম্বরটিতে ফোন করা ছাড়াও হোয়াটস্যাপ করতে পারবেন।
দক্ষিণবঙ্গের জেলার মানুষরা যোগাযোগ করতে পারেন রাজ্য পুলিশের- ০৩৩-২৪৭৯-৪০৩৫/ ৪০৩৬/৪০৫৬ নম্বরে।
অযথা আতঙ্কিত হবেন না। সতর্ক থাকুন, সজাগ থাকুন।
