হাতের নোয়া শিল্পের জন্য বিখ্যাত হাওড়ার গজা গ্রাম

পশ্চিমবঙ্গে যত নোয়া বিক্রি হয়, তার একটা বড়ো অংশ জোগান দেয় হাওড়ার গজা গ্রাম

পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যত নোয়া বিক্রি হয়, তার একটা বড়ো অংশ জোগান দেয় হাওড়ার গজা গ্রাম। দামোদর নদের ঠিক পাশেই গজা গ্রাম। বর্ষায় বন্যার জল এসে ভাসিয়ে দেয় সমস্ত বাড়ি। বেশিরভাগ বাড়িতেই টালির ছাউনি। কোনো বাড়ি খড়ের। এই গ্রামে বেশ কয়েকটি বাড়ির পেশা নোয়া তৈরি। অন্তত দেড়শো মানুষ নোয়া তৈরির কাজে ব্যস্ত। বাড়িতে সাজিয়ে রাখা থাকে অ্যালুমিনিয়াম তার। পাশে ছোটো চারকোণ যুক্ত একটা লোহার পাত মাটিতে পোঁতা রয়েছে। এলাকার মানুষ বলেন সোনাই। পাশেই আছে কাঠের একটা গোলাকার বস্তু। তার উপর একটা ছোটো হাতুড়ি, বিস্কুট, মাছের চোখ, রুইতান, লতা সহ বিভিন্ন ডিজাইনের নোয়া তৈরি করেন তাঁরা। নোয়া চলে যায় কলকাতার বেহালায়। সেখানে রং করে নোয়া চলে যায় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন এলাকায়। 

বর্তমানে স্থানীয় সমবায় সমিতিকে কাজে লাগানো হয়েছে। ওই সমবায় সমিতিতে নোয়া শিল্পীদের জন্য ক্লাস্টার তৈরি হয়েছে। এখন গজা গ্রামের অনেক মানুষ এই পেশায় যুক্ত হতে চাইছেন। প্রজন্মের পর প্রজন্ম এই ব্যবসা যাতে সমানতালে চলতে পারে এবং বহু সংখ্যক মানুষের হাতে তা পৌঁছে যায়, সেই উদ্দেশ্যকে সফল করতে চাইছেন গজা গ্রামের শিল্পীরা।

Developed by DXDasia