
পাটনা জংশনে জনশতাব্দী এক্সপ্রেসের তিনটি কামরায় আগুন
কলকাতা, উত্তরপ্রদেশ, মুম্বাই-এর পর রাঁচি। গত কয়েক মাসে একের পর এক রেল দুর্ঘটনা হয়েছে। কখন লাইনচ্যুত হয়েছে ট্রেন, কখনও আবার উলটে গিয়েছে ট্রেনের কামরা। এবার পুড়ল ট্রেনের কামরা। রেলসূত্রে খবর, রাঁচির পাটনা জংশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা জনশতাব্দী এক্সপ্রেসের তিনটি কামরায় হঠাৎ আগুন লেগে যায়। একটি কামরা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। ট্রেনের ভিতর কোন যাত্রী না থাকার দরুণ হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার পর প্ল্যাটফর্ম খালি করে দেওয়া হয়। কী কারণে আগুন লাগলো তার খোঁজ চলছে।
পরপর এইসব দুর্ঘটনার জন্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের রেল দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী সুরেশ প্রভু তাঁর পদ থেকে সরে যাওয়া কথা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার প্রত্যুত্তরে বলেছিলেন, পদত্যাগ না দিয়ে শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’ তারপর বেশ কিছু নিয়মকানুনের পরিবর্তনও করা হয়। কিন্তু মুম্বাইয়ের দুর্ঘটনা ঠিক একদিন পরেই আবার রাঁচিতে রেলের কামরায় আগুন। প্রশ্ন উঠছে রেল দপ্তরের সচেতনতা নিয়ে।
