
গৌরী লঙ্কেশের মৃত্যুতে যখন শোকার্ত গোটা দেশ তখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এমন কিছু মন্তব্য
অধ্যাপক কালবুর্গি, গোবিন্দ পানসারে, গৌরী লঙ্কেশের পর খুনের তালিকায় অরুন্ধতী রায়, শোভা দে, সাংবাদিক সাগরিকা ঘোষের নামও। ট্যুইটারের মাধ্যমে এমনি উক্তি করলেন বিক্রমাদিত্য রাণা নামে এক ব্যক্তি। কারণ- মৌলবাদী অস্ত্রে স্বতন্ত্র স্বরকে থামিয়ে দেওয়া। তাঁর পোস্ট ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা।
নিজের বাড়ির সামনেই খুন হয়েছেন সাংবাদিক গৌরী লঙ্কেশ। আরএসএস এবং গোঁড়া মৌলবাদী মতাদর্শের কঠোর সমালোচক ছিলেন। তাঁর মৃত্যুতে যখন শোকার্ত গোটা দেশ তখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এমন কিছু মন্তব্য যা দেশের সনাতন সংস্কৃতির সামনে লজ্জার যতিচিহ্ন। ফেসবুক প্রোফাইলের তথ্য মোতাবেক বিক্রমাদিত্য রাণা নামে শিলং-এর বাসিন্দা এক ব্যক্তি এই মন্তব্য পোষ্ট করেন। তিনি লেখেন, ‘গৌরী লঙ্কেশের হত্যা সমস্ত দেশদ্রোহীদের কাছে একটি উদাহরণ হয়ে থাকুক। এই হত্যাতেই শেষ নয়। বরং সিরিয়াল হত্যার এটা একটা অধ্যায়। বাকি পর্বে একই পরিণতি হবে লেখিকা অরুন্ধতী রায়, শোভা দে, সাংবাদিক সাগরিকা ঘোষের মতো ব্যক্তিদেরও।’ হিট লিস্ট তৈরি করে প্রত্যেককে হত্যা করার হুমকি প্রকাশ্যেই দিয়েছেন তিনি।
