এক্সপ্লোসিভ ম্যাগাজিন তৈরি করবে রাজ্য পুলিশ

নিরাপদে বিস্ফোরক রাখতে নতুন ব্যবস্থা

রাজ্য পুলিশের একাধিক অস্ত্রাগারে গুলি বন্দুকের সঙ্গে অস্থায়ীভাবে রাখা থাকে মাইন, ডিটোনেটর বা হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় বিস্ফোরক। ওই বিস্ফোরক কোনও কারণে হঠাৎ ফেটে গেলে প্রাণহানি ও সম্পত্তিহানির সম্ভাবনা থেকে যায়। তাই, ঝুঁকি এড়াতে আর্মড পুলিশ ওই বিস্ফোরক রাখার জন্য এক্সপ্লোসিভ ম্যাগাজিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। 

বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার নির্দেশিকায় বলা আছে, বিস্ফোরক রাখার জন্য আলাদা এক্সপ্লোসিভ ম্যাগাজিন দরকার। এর সঙ্গে নিরাপত্তার বিষয় জড়িত। আর্মড পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, দুটি জায়গায় এক্সপ্লোসিভ ম্যাগাজিন তৈরি করা হবে। একটি থাকবে দক্ষিণবঙ্গের বারাকপুরে, আরেকটি উত্তরবঙ্গের ডাবগ্রামে। সেখান থেকে বিডিডিএসের অফিসারদের দরকারি বিস্ফোরক সংগ্রহ করে সংশ্লিষ্ট জেলার ইউনিটে নিয়ে যেতে হবে। সেই অনুযায়ী প্রস্তাব পাঠান হয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছে। ইতিমধ্যেই সেই প্রস্তাবে সম্মতি মিলেছে বলেও জানা গেছে। চলছে পরবর্তী কাজের প্রস্তুতি। 
 

Developed by DXDasia