এক দশক নিখোঁজ থাকার পর গ্রামে ফিরলেন ‘মৃত’ প্রৌঢ়া

সৌজন্যে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব

ভিন রাজ্যের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এক মানসিক ভারসাম্যহীন প্রৌঢ়াকে ঘরে ফেরানোর ব্যবস্থা করলেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা। গ্রামবাসীরা জানতেন, ১০ বছর আগেই মারা গেছেন তিনি। এখন তাঁকে সুস্থ করে তোলার আশ্বাস দিয়েছেন স্বয়ং বোকারোর পুলিশ সুপার।

ঝাড়খন্ডের বোকারো জেলার গ্রাম আরাজু-সিংওয়াডিহ। সেখান থেকে এক দশক আগে ছেলেমেয়েকে নিয়ে ঘর ছেড়েছিলেন রানিয়া কিস্কু নামের এই মহিলা। স্বামী ও এক ছেলেকে আগেই হারিয়েছিলেন। কিন্তু, বাংলায় তিনি কীভাবে পৌঁছলেন, তা জানা যায়নি। প্রায় দু’মাস আগে বেহালার রাস্তায় জখম হয়ে পড়েছিলেন রানিয়া। বেহালা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করে। রানিয়া ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর কথা প্রায় বোঝা যাচ্ছিল না। শুধু নামটা কোনোভাবে জানা সম্ভব হয়েছিল। চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে। হ্যাম রেডিও সিগন্যালের মাধ্যমে মহিলার কথা জঙ্গলমহলের বিভিন্ন জেলা, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশায় ছড়িয়ে দেন ক্লাবের সদস্যরা। বাইকে, হেঁটেও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে খোঁজ চলে। তারপর বোকারোর এক জঙ্গল এলাকায় রানিয়ার বাড়ির সন্ধান পাওয়া যায়। এখন গ্রামবাসীদের সঙ্গে নিরাপদে রয়েছেন তিনি। 
 

Developed by DXDasia