
বিজেপিকে সামলাতে জরুরি অবস্থা জারি ভুল ছিল বলল কংগ্রেস
জরুরি অবস্থা জারি করা ভুল হয়েছিল। ৪২ বছর পর আনুষ্ঠানিক ভাবে স্বীকার করল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে আজ কংগ্রেসকে টের পেতে হচ্ছে, কাকে বলে ‘এক মাঘে শীত যায় না’। ফলে জরুরি অবস্থা জারি ভুল হয়েছিল এই কথা বলেই কংগ্রেসকে বলতে হল, নরেন্দ্র মোদীর আমলে দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে।
মোদী সরকারের বিরুদ্ধে অঘোষিত জরুরি অবস্থা জারির অভিযোগ বিরোধীদের আগেও ছিল, তবে এনডিটিভির দফতরের সিবিআই হানার পর সে অভিযোগ দানা বেঁধেছে। জরুরি অবস্থা জারি যে ভুল ছিল একথা আগেও কংগ্রেস নেতা নেত্রীরা নানা সময়ে বলেছেন। তবে এবার বলা হল, এআইসিসি-র মঞ্চ থেকে। সেটা বড় কথা তো বটেই। যাঁর মুখ দিয়ে কথাটা বলানো হল, তিনি অবশ্য অত বড় মাপের নেতা নন। কথাটা বলানো হল দলের মুখপাত্র টম বড়ক্কনকে দিয়ে। জরুরি অবস্থায় বাড়াবাড়ি যে হয়েছিল তা মানতে আজ আর কেউই কংগ্রেস কী বলল তা নিয়ে মাধা ঘামাবে না। আবার এটাও ঠিক, যেমন বলা হয়ে থাকে, জরুরি অবস্থায় সাংবাদিকদের একটু ঝুঁকতে বলা হয়েছিল, তারা হামাগুড়ি দিতে শুরু করে। আবার অন্য দিকে, যে ভাবে একটা নির্বাচিত সরকারকে ভোটে না হারিয়ে জোর করে পদত্যাগ করাতে আন্দোলন চালানো হচ্ছিল, যে ভাবে নেতারা পুলিশকে বলছিলেন বিদ্রোহ করতে, যার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি, সেই আন্দোলন নিয়েও খোলামেলা আলোচনা করার সময় এসেছে বলে আনেকে মনে করেন।
