আয়োজনে ‘রুদ্রপলাশ’
আজ ৩১ অগাস্ট কিংবদন্তী চিত্র-পরিচালক ও অভিনেতা ঋতুপর্ণ ঘোষের ৫৬তম জন্মদিন। এই দিনটিকে স্মরণ করে আগামী ২ সেপ্টেম্বর আইসিসিআর প্রেক্ষাগৃহে ঋতুপর্ণ ঘোষ স্মরণে রূপান্তরকামীদের একটি সংগঠন ‘রুদ্রপলাশ’ আয়োজন করছে ‘ঋতু উৎসব’। মূল উদ্যোক্তা এবং নৃত্য পরিকল্পনায় রয়েছেন মেঘ সায়ন্তনী ঘোষ। যিনি পশ্চিমবঙ্গের প্রথম রূপান্তরকামী আইনজীবী। অন্যদিকে নৃত্যশিল্পীও বটে। সমগ্র অনুষ্ঠানটির ভাষ্যরচনা করেছেন ভাস্বতী ঘোষ। এবারের আয়োজন সম্পূর্ণ হবে মহাভারতের ১১ জন নারী চরিত্রকে নিয়ে। অর্থাৎ ১১ জন নারী চরিত্রে অভিনয় করবেন ১১ জন রূপান্তরকামী। নাচে-গানে-অভিনয়ে তাঁরা স্মরণ করবেন তাঁদের আইডল ঋতুপর্ণকে।
আজ থেকে ছয় বছর আগে এক বৃষ্টির দুপুরে মৃত্যু হয়েছিল এই স্বনামধন্য পরিচালকের। তারপর থেকে প্রতিবছর বাংলার বিভিন্ন অঞ্চল জন্মদিনে তাঁকে স্মরণ করেন এইভাবেই। এই সেই ঋতুপর্ণ যিনি একসময় বলেছিলেন, “যাদের মধ্যে একটু কমনীয়, নারীসুলভ ব্যাপার আছে তারা সবাই ‘গে’। এটা কিন্তু একটা অ্যাসাম্পশন। কেউ বলে দেয়নি যে, ও ‘গে’। একটা ব্যবহার হঠাৎ করে সেক্সুয়ালিটির মার্কার হয়ে গেল। আমি অনেকবার বলেছি, লেডিজ বলছ কেন? প্লুরাল কোরো না। লেডি বলো। এইভাবে আমি কমব্যাট করতাম ওটার সঙ্গে। তারপরে শহর একটা ফেজ পেল। সেই ফেজটার নাম ঋতুপর্ণ। আমার কিন্তু সেটার জন্য আলাদা করে অপমানিত লাগে না। আমি কিছু কথা বলেছি, যেগুলো আমাদের দেশের যৌনতা বিচারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কতগুলো স্টেটমেন্ট।”