
রাজ্যে ইলেকট্রনিক্স পণ্য মিলবে কম দামে
আমাদের দেশে মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরা, টিভি, ড্রোনের মতো যন্ত্রপাতির কারখানা বেশিরভাগই নয়ডা, গুরুগ্রাম কিংবা ব্যাঙ্গালুরুকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গে ইলেকট্রনিক্স জিনিসের কারখানা এখনও কম। সেই ঘাটতি মেটাতে কয়েক বছর আগে নৈহাটিতে ইলেকট্রনিক্স পার্ক তৈরির সিদ্ধান্ত নেয় তথ্যপ্রযুক্তি দপ্তর। অগস্ট থেকেই বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক সংস্থা সেখানে যন্ত্রপাতি উৎপাদন শুরু করবে।
ইতিমধ্যেই রাস্তা তৈরির কাজ শেষ হয়ে গেছে নৈহাটির ইলেকট্রনিক্স পার্কে। ভবন তৈরির কাজও প্রায় শেষ। ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষী, কার পার্কিং, আধুনিক বর্জ্য নিষ্কাশন, পর্যাপ্ত জল, কার পার্কিং-এর ব্যবস্থা থাকছে সেখানে। নতুন এই প্রকল্পে প্রচুর বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। পাশাপাশি রাজ্যের মানুষ আরও কম দামে ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারবেন।
