গৃহস্থালি এবং সেচের কাজে লাগানো যাবে এই পাম্প
পরিবেশকে রক্ষা করতে বিজ্ঞানীরা অপ্রচলিত শক্তি ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলে থাকেন। অপ্রচলিত সৌরশক্তিকে কাজে লাগিয়ে দুর্গাপুরের বিধানচন্দ্র রায় ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা বানিয়ে ফেললেন জল তোলার পাম্প। সৌরবিদ্যুৎ ব্যবহারে অনন্য নজির গড়ল এই আবিষ্কার।
দুর্গাপুর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১ জন বিভাগের পড়ুয়া এই অভিনব সৌরপাম্প তৈরি করেছেন। তাঁরা হলেন, আসিফ জাওয়াদ, অবিনাশ ভারতী, আশিস আনন্দ, অবিনাশ কুমার, আরিয়ান আনন্দ, অর্পণ নস্কর, অরিন্দম ঘোষ, অনুপম গুহ, অংশু সিং, অনিকেত কুমার সিং, অমৃত কুমার ঝা।
এই পাম্পগুলি তৈরি করতে খরচ খুব কম হয়। পরিবেশেরও খুব একটা ক্ষতি করে না এই যন্ত্র। নলকূপের সঙ্গে এগুলি লাগিয়ে জল তোলা যায় সহজেই। পানীয় জল তুললে যেমন এই পাম্প ব্যবহার করা যাবে, তেমনি ছোটো পরিসরে কৃষিজমিতে সেচের কাজেও লাগানো যাবে। বিসি রায় কলেজ কর্তৃপক্ষ এই পাম্পগুলি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ১০ হাজার টাকারও কম দামে বিক্রি করতে চান, যাতে গ্রামে গ্রামে জল সমস্যার একটু হলেও সুরাহা হয়।
ছবিসূত্র – ফেসবুক