
পরিবেশ-বান্ধব কাগজ আবিষ্কার করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা
ধানের জমিতে শ্যাওলা জন্মালে চাষবাসে সমস্যা হয়। পরিবেশেরও ক্ষতি করে এই শ্যাওলা। কিন্তু এগুলোকে সংগ্রহ করে যদি কাগজ বানানো যায়, আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকেরা তাহলে সহজেই রোজগার করতে পারেন। তারই পথ দেখালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের গবেষক পিয়ালী মুখোপাধ্যায় পিএইচডি করেছিলেন অধ্যাপক জয়প্রকাশ কেশরীর অধীনে। সেই গবেষণার বিষয় ছিল ধানজমির শ্যাওলা থেকে পরিবেশ-বান্ধব কাগজ তৈরি করা। এই কাজে ব্যবহৃত যন্ত্রটির দাম খুব একটা বেশি নয়। মোটামুটি ৫০ হাজার থেকে ১ লাখ টাকাতেই সেটি পাওয়া যায়।
ইতিমধ্যেই ধানজমির শ্যাওলা থেকে সফলভাবে কাগজ তৈরি করে দেখিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই গবেষণার আরও অগ্রগতির জন্য তাঁরা আর্থিক অনুদানের আবেদন করেছেন। এর পাশাপাশি, সাধারণ মানুষ যাতে এই পদ্ধতিতে কাগজ তৈরি করে অর্থ উপার্জন করতে পারেন, তার জন্য নানা জায়গায় কর্মশালার আয়োজন করছেন তাঁরা। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অংশ নিচ্ছেন সেই কর্মশালাগুলিতে।
