
বেড়াতে গিয়ে মাছ ধরার সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার
বেড়াতে গিয়ে চাইলে মাছ ধরতে পারবেন এবার আপনিও। মৎস্যপ্রেমীদের জন্য এমনই উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ইকো ফিশ ট্যুরিজম’। পরিচালনায় মৎস্য দপ্তরের স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। বেশ কিছুদিন আগে সল্টলেকের নলবনে চালু হয় এই প্রকল্প। সাফল্য পাওয়ার পর সুন্দরবনের ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ড, বকখালি ও ফ্রেজারগঞ্জের মাঝখানে ঘুসকরা, মেমারি ও দিঘার লেক সহ রাজ্যের আরও কয়েকটি জায়গায় মে মাসের মাঝামাঝি থেকে চালু করা হবে এটি। অনলাইন বুকিং-এর মাধ্যমে ২দিন ও ১রাতের জন্য চারজনের একটি পরিবার পিছু খরচ পড়বে ৪০০০-৪৫০০ টাকা। একই সঙ্গে, এই প্রকল্পের আওতায় পর্যটকদের জন্য আরও অনেক আকর্ষণীয় সুযোগের ব্যবস্থা করেছে মৎস্য দপ্তর।
