
অস্ট্রেলিয়ায় মানুষের সংখ্যার দ্বিগুণ এখন ক্যাঙ্গারুর সংখ্যা
মাত্রাছাড়া হয়ে যাচ্ছে ক্যাঙ্গারুর সংখ্যা। দেশের মানুষের দ্বিগুণ ক্যাঙ্গারু এখন অস্ট্রেলিয়ায়। আর এতেই মাথায় হাত অস্ট্রেলিয়ার জমি মালিক ও পরিবেশবিদদের। দেশের নাগরিকদের বেশি করে ক্যাঙ্গারুর মাংস খাওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
বিবিসি সূত্রে খবর, অস্ট্রেলিয়ার সরকারি হিসাব অনুযায়ী ২০১৬ সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল ৪ কোটি ৫০ লক্ষ, যা দেশটির মানুষের সংখ্যার দ্বিগুণ। বলা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টিপাতে খাদ্য উৎপাদনও হয়েছে প্রচুর এবং এ কারণে উল্লেখযোগ্য হারে ক্যাঙ্গারুর বংশবৃ্দ্ধি হয়েছে। তবে শুষ্ক মৌসুমে খরা পরিস্থিতি তৈরি হলে লক্ষ লক্ষ ক্যাঙ্গারু মারা যাবে বলে আশঙ্কা করছেন অনেকে।
অস্ট্রেলিয়ায় পশু শিকার নিয়ে কঠোর আইন রয়েছে। পশু শিকারের বিধিনিষেধ নিয়ে প্রত্যেকটি রাজ্যে নিজস্ব আইন ও কোটা রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশুর মাংস ব্যবসায়ীদের সংখ্যাও বাড়ছে না কারণ সেখানে এর চাহিদা তেমন নেই এবং এ-জন্য এর বাণিজ্যিক মূল্যও কম। প্রতি বছর মাংস সংগ্রহের বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়। কারণ বিরোধীদের অনেকের মতে, ক্যাঙ্গারুর সংখ্যা কমলে যে পরিবেশের উন্নতি হবে এমন কোনো তথ্যপ্রমাণ নেই। জবাই করা ক্যাঙ্গারুর চামড়া বিক্রি হলেও এবং এগুলো রপ্তানি করা হলেও, মাংস বেশিরভাগই নষ্ট হয়ে যায়। কারণ এই পশুর মাংসের চাহিদা অনেক কম। পাশাপাশি, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু হওয়ায়, এর মাংস খাওয়াটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়।
তবে যারা ক্যাঙ্গারুর মাংস খেতে নাগরিকদের উৎসাহিত করছেন তারা বলছেন, অন্য সব প্রাণীর তুলনায় ক্যাঙ্গারু কম পরিমাণে মিথেন উৎপন্ন করে এবং তাই এই মাংসে 'ফ্যাট' কম। তাছাড়া এটি পরিবেশবান্ধব প্রাণী।
