এভাবেও ফিরে আসা যায়

যারা নেশা বা কুসঙ্গের কবলে পড়েছিল, তারাই এখন মন দিয়েছে খেলায়

নেশায় মজেছিল কেউ। কেউ বা পাড়ার গলিতে আড্ডা দিয়েই কাটাচ্ছিল সময়। কারও বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করে। অথচ ওদেরই মধ্যে কেউ ফুটবলে, কেউ আবার ক্রিকেটে তুখোড়। উৎসাহ এবং সচেতনতার অভাবে বিপথে যেতে বসা বস্তির ওই ছেলেদেরই খেলার মাঠে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হল এবার। রবিবার শিলিগুড়ি এন জে পির সূর্যসেন কলোনিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সব ক্ষুদে খেলোয়াড়ের হাতে ক্রিকেট ব্যাট, টেনিস বল, উইকেট তুলে দেন সমাজসেবী মদন ভট্টাচার্য। আপাতত ৫০ জন বস্তির ছেলেদের ক্রিকেট নিয়ে সময় কাটানোর এই উদ্যোগে ক্রীড়া সাংবাদিক ষষ্ঠী বিশ্বাসের আবেদনে এগিয়ে আসেন মদনবাবু। ষষ্ঠীবাবু জানান, আপাতত ওদের হাতে ব্যাটবল দেওয়া হলেও পরে ফুটবলও দেওয়া হবে। এন জে পির বিভিন্ন কলোনিতে থাকা ওই ছেলেরা টাকার অভাবে ঠিকমতো কোচিং নিতে পারেনি। যারা নেশা বা কুসঙ্গের কবলে পড়েছিল, তারাই এখন মন দিয়েছে খেলায়। কলোনির রেল মাঠেই রবিবার থেকে শুরু হয়েছে তাদের লড়াই। এলাকার অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন। অন্ধকার থেকে এভাবেও যে ফিরে আসা যায় – যোগ্য সুযোগ পেয়ে তারা প্রমাণ করেই ছাড়বে, এই আশাই এখন সকলের মনে।

 

 

 

 

 

Developed by DXDasia