এই সংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৫ জানুয়ারি, কলকাতার নজরুল মঞ্চে
প্রতিবছরের মতো ২০২০ সালে অনুষ্ঠিত হতে চলেছে ডোভার লেন সংগীত সম্মেলন। ৬৮ বছরে পা দেওয়া এই সংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৫ জানুয়ারি, কলকাতার নজরুল মঞ্চে। গতকাল অর্থাৎ শুক্রবার সংগীত সম্মেলন উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হল ২০২০ সালের যাত্রার কথা। ভারতবর্ষের অন্যতম বড়ো এবং পুরোনো আন্তর্জাতিক মানের সংগীত সম্মেলন এটি। ডোভার লেনের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশে আছে অনেক পণ্ডিতদের নাম। সাংবাদিক সম্মেলনে এদিন ঘোষণা করা হয় ২০২০ সালে কারা আসতে চলেছেন।
পণ্ডিত যসরাজ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত অজয় চক্রবর্তী, উস্তাদ রাশিদ খান, উস্তাদ সুজাতা হুসেন খান, এল শঙ্কর, পণ্ডিত ভেঙ্কটেশ কুমার, পণ্ডিত বিশ্বমোহন ভাট, অশ্বিন ভিডে, আরতি আংলিকর, পণ্ডিত ভজন সপুরি, ভিকু ভিনায়করামের মতো প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি, আমন আলী বাঙ্গাশ, অনুরাধা পাল, সলিল ভাট, কৈবল্যকুমার, মঞ্জিরি আসনারে কেলকরের মতো নবীন প্রজন্মের শিল্পীরাও এবার কন্ঠ ও যন্ত্রসঙ্গীত মাতাবেন।
একক কণ্ঠ এবং যন্ত্রসঙ্গীতের পাশাপাশি থাকছে মহিলা তবলা শিল্পী অনুরাধা পালের পরিচালনায় ‘স্ত্রী শক্তি’। কর্ণাটকি পদ্ধতিতে তালবাদ্যের এই ব্যতিক্রম ধ্বনি মুর্চ্ছিত হবে হিন্দুস্তান জুড়ে। শীতের তিলোত্তমা সুর পাবে হাজার হাজার দর্শকদের সঙ্গে।