কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গজয়ের পর বিরাট বিপর্যয় বাঙালি অভিযাত্রীদের

মৃত ২ বাঙালি অভিযাত্রী, গুরুতর অসুস্থ আরো ২

ফের প্রাণঘাতী কাঞ্চনজঙ্ঘা। বিশ্বের তৃতীয় উচ্চতম এই শৃঙ্গের শিখরে পা রাখবেন বলেই রওনা দিয়েছিলেন পাঁচ বাঙালি অভিযাত্রী—রুদ্রপ্রসাদ হালদার, বিপ্লব বৈদ্য, রমেশ রায়, শেখ সাহাবুদ্দিন এবং কুন্তল কাঁড়া। এঁদের মধ্যে কুন্তল বাদে বাকিরা আরোহণ করেছিলেন কাঞ্চনজঙ্ঘার শীর্ষে (৮,৫৮৬ মিটার)। কুন্তল সামিটের আগেই অসুস্থ হয়ে পড়েন হাই অল্টিটিউড পালমোনারি এডিমায়। তারপরে, অসুস্থ হয়ে পড়েন বিপ্লব। এঁদের দ্রুত সামিট ক্যাম্পে নামিয়ে আনার চেষ্টা চালায় উদ্ধারকারী শেরপাদের দল। কিন্তু, তাঁদের চেষ্টা সফল হয়নি। প্রাণ হারিয়েছেন দুজনেই।

ফ্রস্ট বাইট এবং হাই অল্টিটিউড পালমোনারি এডিমায় আক্রান্ত হয়েছেন রুদ্রপ্রসাদ হালদার এবং রমেশ রায়ন-ও। তাঁদের নিচে নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন শেরপারা। ক্যাম্প টু-তে নামাতে পারলে তবেই হেলিকপ্টারে উদ্ধারের সুবিধে মিলবে। এখনো পর্যন্ত সুস্থ আছেন শেখ সাহাবুদ্দিন।

হিমালয়ের আট হাজারি শৃঙ্গগুলির মধ্যে কাঞ্চনজঙ্ঘা অভিযান অন্যতম বিপজ্জনক। ফলে, এখানে অভিযাত্রীর সংখ্যাও কম। ২০১৪-তে এই অভিযানে গিয়েই নিখোঁজ হয়ে যান ছন্দা গায়েন। এবারের অভিযানে বারবার বাধার মুখে পড়েছিলেন রুদ্রপ্রসাদ, বিপ্লব, রমেশরা। ফণীর ভয়, ক্যাম্প থ্রিতে দুর্যোগের মুখে পড়া। অভিযানের রাত্রে ট্র্যাকিং যন্ত্র বিগড়ে যায়। তা সত্ত্বেও বুধবার সকালে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গে পা রেখেছিলেন চার বঙ্গসন্তান। কিন্তু, সফলভাবে সবাই ফিরতে পারলেন না সুস্থ দেহে।

কাঞ্চনজঙ্ঘা ফের প্রাণ কেড়ে নিল দুই বাঙালি পর্বতারোহীর। শোকস্তব্ধ বাংলার পর্বতারোহী-মহল এখন চাইছেন বাকিরা অন্তত জীবিত ফিরুন। রুদ্রপ্রসাদ আর রমেশের যেন আর শারীরিক অবস্থার অবনতি না হয়।  

Developed by DXDasia