
দিঘাকে প্লাস্টিকমুক্ত করার অভিযান শুরু
দিঘাকে প্লাস্টিকমুক্ত করতে আরো কঠোর হল প্রশাসন। দিঘায় সম্পূর্ণ নিষিদ্ধ হল প্লাস্টিক-থার্মোকলের ব্যবহার। সমুদ্র-সৈকতে তো বটেই, দিঘা শহরের কোথাওই আর ব্যবহার করা যাবে না প্লাস্টিকের তৈরি ব্যাগ কিংবা থার্মোলকের থালা-বাটি। কোনো ব্যবসায়ী বা পর্যটক যদি প্লাস্টিক ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন বা কেনাবেচা করেন, তাদের জরিমানা হবে ঘটনাস্থলেই। সঙ্গে অন্য আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কড়া নজরদারি শুরু করেছে দিঘায়। গোটা শহর জুড়ে সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করার কাজ চলছে। পর্যটকদের সচেতন করার প্রক্রিয়াও চলছে এরই পাশাপাশি। মাইকে করেও চালানো হচ্ছে প্রচার। বিশ্বজুড়েই পরিবেশের সামনে অন্যতম প্রধান বিপদ প্লাস্টিক। নানা সমুদ্রে ভাসমান প্লাস্টিকের কারণে জীববৈচিত্র ও প্রাণও বিপদের মুখে পড়ছে বারবার। প্লাস্টিক খেয়ে প্রাণ হারাচ্ছে লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণী। দিঘায় প্লাস্টিক নিষিদ্ধ করার এই সিদ্ধান্তকে তাই স্বাগত জানাচ্ছেন পরিবেশ-প্রেমীরা।
