শহরে শুরু রামধনু-রঙা চলচ্চিত্র উৎসব

‘ডায়ালগস’—আর পাঁচটা চলচ্চিত্র উৎসবের চাইতে খানিক আলাদা এই উৎসব

কথোপকথন শুরু। থুড়ি ‘ডায়ালগস’। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেশ কাটতে না কাটতেই শহরের বুকে ফের দেশ-বিদেশের নানা সিনেমার ডালি নিয়ে হাজির নতুন চলচ্চিত্র উৎসব– ডায়ালগস। গতকাল, ২২ নভেম্বর শুরু হয়ে গেছে এই উৎসব। চলবে ২৫ নভেম্বর অবধি।

আর পাঁচটা চলচ্চিত্র উৎসবের চাইতে এই উৎসব খানিক আলাদা। ‘ডায়ালগস’ ভারতের প্রথম আন্তর্জাতিক এলজিবিটি ফিল্ম আর ভিডিও ফেস্টিভাল। লেসবিয়ান, গে, বাই সেক্সুয়াল, ট্রান্স জেন্ডারদের নিয়ে তৈরি হওয়া দেশ-বিদেশের নানা ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, ভিডিও দেখানো হবে এখানে। উৎসবের আবহেই এই উদ্যোগ আসলে কথোপকথন শুরুর চেষ্টাও। সমাজে এখনো ‘প্রান্তিকায়িত’ বা ‘অপর’ অবস্থানে আটকে যাঁরা, তাঁদের যাপন, জীবনকে বিষয় করে নির্মিত ছবিগুলি সমাজের তথাকথিত মূলস্রোতকে যদি সামান্য হলেও নতুন করে ভাবতে সাহায্য করে— সেটাই অন্যতম উদ্দেশ্য ছিল উদ্যোক্তাদের। সিনেমার আবহেই যৌনতা-লিঙ্গের বৈচিত্র নিয়ে যদি সহজভাবে কথা, চর্চা, বিনিময় শুরু হয়— সেই ইচ্ছে থেকেই ‘ডায়ালগস’ নামকরণ। তবে, নিছক কথা চালানোই নয়, সিনেমা-প্রেমীদের চাহিদার ঝাঁপিকেও পূর্ণ করার যাবতীয় চেষ্টা থেকেছে চলচ্চিত্র বাছাইয়ের সময়। কাল উৎসব শুরু হয়েছে ব্রাজিলিয়ান ছবি ‘রিচিং ফর দ্য মুন’ চলচ্চিত্রটি দিয়ে। ব্রুনো ব্যারেটোর এই ছবিতে উঠে এসেছে কিংবদন্তী আমেরিকান কবি এলিজাবেথ বিশপ এবং স্থপতি লোটা দে ম্যাকেডো সোয়ারেজের আশ্চর্য প্রেম। এছাড়াও থাকছে আইজাক জুলিয়েনের ‘লুকিং ফর ল্যাংস্টন’, রোহিত দ্বিবেদীর ‘খেচকি’। বেশ কিছু দক্ষিণী সিনেমাও থাকছে উৎসবে। সুরেশ নারায়ণনের ‘ইররাতাজীবিতাম’ কিংবা মারি সালভারার ‘পারিরেয়াম পেরুমল’ও দেখতে পাবেন সিনে-প্রেমীরা। এছাড়াও থাকছে বেশ কিছু শর্ট ফিল্ম, ডকুমেন্টারি।

প্রত্যয় জেন্ডার ট্রাস্ট এবং স্যাফো ফর ইকুয়ালিটির উদ্যোগে ২০০৭-এ শুরু হয়ে এবারে বারো বছরে পা রাখল  ডায়ালগস। ২০১৬ সাল অবধি এই উৎসব হত ম্যাক্স মুলারে। গতবছর থেকে ঠিকানা বদলে হয়েছে বসুশ্রী সিনেমা হল। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র প্রিমিয়ারও হয়েছিল এই ঐতিহ্যশালী হলেই। বার্লিনেল স্পটলাইট, গ্যেটে ইন্সটিটিউট, ড্রাইডেন শর্ট ফিল্ম ফেস্টিভাল এবং ব্রিটিশ কাউন্সিলের মতো পার্টনারদের পাশে পেয়েছে এই চলচ্চিত্র উৎসব। উৎসবের সময় দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা।  

ভারতের সবচাইতে পুরোনো রামধনু চলচ্চিত্র উৎসব বলেই নয়, এই শহরের মধ্যেই ফের দেশ-বিদেশের এমন সব চলচ্চিত্র একসঙ্গে দেখার সুযোগ। ঢুঁ না মারলেই নয়, কি বলেন?

Developed by DXDasia