প্রকল্পের সূচনা হবে দেওয়ানগঞ্জ এবং হরিণসিংহা ব্লকে
বীরভূমের ডেউচা পাঁচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। আগামী ৭ দিনের মধ্যে সেখানে কাজ শুরু হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিঘায় দু’দিনের বেঙ্গল বিজনেস কনক্লেভের শেষ লগ্নে বৃহস্পতিবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে যাবতীয় অনুমতি ও ছাড়পত্র পাওয়া গেছে বলে জানান তিনি। রাজ্যের এই কয়লা ব্লকে জমা আছে ২০০ কোটি টনের বেশি কয়লা। প্রকল্পটি থেকে কয়লা তোলা শুরু করতে ২৪ মাস সময়সীমা ধার্য করা হয়েছে।
ডেউচা পাঁচামি কোল ব্লকের বেশ কিছু অংশে জনবসতি আছে। সেই সব অঞ্চলের মানুষকে প্রকল্পের ব্যাপারে বিস্তারিত বুঝিয়ে, সম্মতি নিয়ে, সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করেই কয়লা উত্তোলন করা হবে। প্রকল্পের সূচনা হবে দেওয়ানগঞ্জ এবং হরিণসিংহা ব্লকে। এই জায়গাগুলি বেছে নেওয়া হয়েছে, কারণ সেখানে মানুষের বসতি খুব কম।
ওই অঞ্চলে মাটির তলা থেকে ৪০ লক্ষ মেট্রিক টন কয়লা পাওয়া যেতে পারে। এছাড়া, সেখানে কাজ শুরু হলে আশেপাশে অনেক অনুসারী শিল্প গড়ে উঠবে। তৈরি হবে বেশ কিছু কর্মসংস্থানের সুযোগও।