বাংলার সোনার মেয়ে দেবশ্রীকে বঞ্চনা

মিথ্যে অসুস্থতার কারণ দেখিয়ে বাদ দেওয়া হল দেবশ্রীকে

ভুবনেশ্বরে এশীয় মিটে ৪X৪০০ মিটারে সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন বাংলার দেবশ্রী মজুমদার। এশিয়ান মিটের আগে ফেডারেশন ঘোষণা করেছিল সোনা জিতলেই মিলবে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকসে যাওয়ার টিকিট। অথচ দেবশ্রীকে বাদ দিয়েই ভারতীয় দল উড়ে গেল লন্ডনে। দেবশ্রী জানাচ্ছেন, আমার পাসপোর্ট নিয়েছিল ফেডারেশন, ভিসার জন্য সই-সাবুদ হয়ে গিয়েছিল, তারপর শুনতে পেলাম, আমিই টিমে নেই।

একই ঘটনা ঘটেছে এশীয় মিটে সোনাজয়ী কেরলের চিত্রার সঙ্গেও। তবে বঞ্চিত চিত্রার জন্য কেরলে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রতিবাদে সামিল হয়েছেন। কেরল হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। আদালত ফেডারেশনের কাছে জানতে চেয়েছে, কেন বাদ দেওয়া হল চিত্রাকে।

এদিকে নিত্য অনটনের সঙ্গে লড়াই করে সোনা জয় করা বাংলার দেবশ্রীর পাশে কেউ নেই। তাঁর জন্য ওঠেনি প্রতিবাদের ঝড়। কেউ কেউ বলছেন অসুস্থতার কারণে বাদ পড়েছেন তিনি। আর দেবশ্রী বলছেন, মেডিকেল টিমের সামনে না দাঁড় করিয়েই কিসের ভিত্তিতে ফেডারেশন নিশ্চিত হল যে আমি অসুস্থ।

Developed by DXDasia