
ভ্রমণ শেষ করে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে চায় তীর্থ
সবুজসাথী প্রকল্পের সাইকেল হাতে পেয়ে স্বপ্নপূরণ হল তীর্থকুমার রায়ের। ছোটবেলা থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে বেড়ানোর ইচ্ছে ছিল জলপাইগুড়ির পাহাড়পুর নাটুয়াপাড়ার বাসিন্দা তীর্থকুমার রায়ের। ২০১৬ সালে একাদশ শ্রেণীতে পড়ার সময় সবুজসাথীর সাইকেল নিয়ে সে বেরিয়ে পড়েছে রাজ্যভ্রমণের উদ্দেশ্যে।
তীর্থ জানায়, ২০১৬ সালের মার্চ মাসে সে রাজ্যের জেলা সফরে বেরিয়ে কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে পাড়ি দিয়েছে দার্জিলিং-এ। সেখান থেকে ফিরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর। পড়াশুনার জন্য বই সঙ্গে নিয়েই সুদূর পাড়ি দিয়েছিল সে। রাস্তায় যখন যেখানে থেকেছে, স্থানীয় স্কুলের অনুমতি নিয়ে ক্লাস করেছে তীর্থ। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য দিনাজপুরের প্রশাসনিক ভবনে সাইকেল রেখে বাড়ি ফিরে যায়। ২৭ মার্চ পরীক্ষা শেষ হলে, ১৪ এপ্রিল সে আবার যাত্রা শুরু করে।
পড়াশুনার পাশাপাশি আগামীতেও এভাবেই সাইকেলে ভ্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা তার। বীরভূম ও মুর্শিদাবাদের কিছু ব্লক বাকি আছে এখনও। তারপর নদীয়া হয়ে বাকি জেলাগুলি। ভ্রমণ শেষ করে সে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে চায়। সবুজসাথীর এই সাইকেল না পেলে শৈশব থেকে পুষে রাখা ইচ্ছে অধরাই থেকে যেত তার।
