
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের উদ্যোগ
সুস্থ হয়ে যাওয়ার পরও মানসিক হাসপাতাল থেকে যে সব মানুষকে এখনও বাড়ি ফিরিয়ে নিয়ে যাননি তাদের পরিবার, তাদের জন্য আলাদা হোম তৈরি করতে চলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রক। পরিকল্পনা মতো সব কিছু ঠিকঠাক এগোলে লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসেই চালু হবে রাজ্যের প্রথম সরকারি ‘হাফ ওয়ে হোম’।
এই সব মানুষদের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কারণ, সুস্থ হওয়ার পরও মানসিক হাসপাতালে থাকলে সেই ব্যক্তির মানবাধিকার তো খর্ব হয়ই, তার সঙ্গে আশঙ্কা থাকে ফের মানসিক রোগে আক্রান্ত হওয়ার। জানা গেছে, সরকারি ‘হাফ ওয়ে হোম’-এর পরিকাঠামো, আবাসিকদের খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করবে স্বাস্থ্য দপ্তর। আর সমাজকল্যাণ দপ্তর নানা রকম ভোকেশনাল ট্রেনিং, থেরাপির মাধ্যমে আবাসিকদের স্কিল ডেভেলপমেন্টের দায়িত্ব নেবে।
