নেতাদের মাথা কামিয়ে চুল জমা দিতে বলল কেন্দ্রীয় কমিটি

সিপিএম পড়েছে এক ষষ্ঠিচরণের পাল্লায়

সিপিএম নাকি একটা বই খুঁজছে। মজা করে বললেন দলের এক নেতা। কী বই? জানা গেল, বিজেপি গীতা, রামায়ণ আওড়ায়, মমতা হাতে রবীন্দ্রনাথ-নজরুল নিয়ে ঘোরেন, সি্পিএম তেমনই এত দিন মার্কস লেনিনের বই নিয়ে ঘুরত। কিন্তু লেনিনের দেশেই লেনিনের মুর্তি ভেঙে ফেলেছে সেই ৯১ সালে। মার্কসের  জার্মানিতে বার্লিন ওয়াল ভেঙে ফেলেছে জনতা, সেও প্রায় আড়াই দশকের বেশি হতে চলল। ফলে ওই সব বইয়ে আর তেমন ধক নেই। তার উপর সিপিএম বহু দিন ধরেই এক গুরুতর সমস্যায় পড়েছে। সেটা হল, বিপ্লবী যুদ্ধ’ যে করবে, করবে তো বটে, কিন্তু মারবে কাকে? শত্রুটা কে?

এই নিয়ে মাঝে মাঝেই কখনও কলকাতায়, কখনও দিল্লিতে, কখনও এখানে ওখানে দরজা বন্ধ করে এক বার কেক(কেন্দ্রীয় কমিটি) বৈঠক করছে তো এক বার পবু(পলিটব্যুরো)বৈঠকে বসছে। ধুতি. লুঙি কষে বেঁধে, হাতের গুলি পাকিয়ে, ‘মাইরাই ফালামু’ হাঁক দিয়ে রে রে করে নেতারা তো আসছেন, কিন্তু কাকে মারবে? আগে তো ঠিক করতে হবে বিজেপি না কং, কে বড় শত্রু? সেটাই তো ঠিক হল না। কেকতে যখন এক দল বলে, বিজেপিটাই পালের গোদা, ওকেই প্রধান শত্রুর মর্যাদা দেওয়া হোক, তখন অন্য দল বলে, কেন কেন, কংটা কম কীসে?

শোনা যাচ্ছে নাকি হায়দরাবাদে আগামী বছর এপ্রিল মে মাসে তারা পালে পালে জড়ো হবে এক নম্বর শত্রু খুঁজতে। তার আগে নাকি সব নেতাদের বলা হয়েছে মাথার চুল কামিয়ে কেক-র দফতরে জমা দিতে। চুল চেরা বিশ্লেষণ হবে কি না, তাই এই সিদ্ধান্ত।

আসলে সিপিএম পড়েছে এক ষষ্ঠিচরণের পাল্লায়। তিনি খেলার ছলে যখন তখন হাতি লোফেন।হাতি মানে ওই কখনও জ্যোতি বসু, কখনও সোমনাথ, এইরকম। ষষ্ঠীর যেমন বাহন থাকে, তারও তেমনি আছে। ষষ্ঠিচরণ এবং তার বাহিনী একটা কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সাফল্যের সঙ্গে করে চলেছে। সেটা হল, দলে যাঁরাই একটু আধুনিক চিন্তার মানুষ, ব্যাদে যা লেখা আছে তা-ই চিরসত্য নয় বলে মনে করেন, সেই জ্যোতি বসু, সোমনাথ চট্টোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, গৌতম দেবের মতো নেতাদের হাতে  তালপাতার ভেঁপু ধরিয়ে দিয়েছেন। তাঁরাও দু’একটা ঐতিহাসিক ভুল টুল আউড়ে ভেঁপু বাজিয়ে গেছেন, চোখের সামনে দেখেছেন দলটাকে খাবি খেতে। যদিও অভিজ্ঞতার বিচারে এই ষষ্ঠিচরণের এখনও পোলিও খাওয়ার বয়েস পেরোয়নি, সেই ষষ্ঠিচরণই বাহিনীর জোরে হাতি লুফছেন।

এখন দেখার সীতা-গৌতমরা এই বাম মৌলবাদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন, না ষষ্ঠিচরণের সামনে দাঁড়িয়ে মিন মিন করে হাত কচলাবেন! তার উপরই এই দলটার ভবিষ্যৎ নির্ভর করছে।

Developed by DXDasia