
শয্যা থাকবে ১৩০টি
বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। চিকিৎসকদের আশঙ্কা, বিধানসভা নির্বাচন শেষ হলে সংক্রমণ ভয়াবহ আকার নেবে। তাই আগে থেকে ব্যবস্থা নিতে আবার সেফ হোম চালু করার সিদ্ধান্ত নিল হাওড়া প্রশাসন।
আগামী শনিবার ১০ এপ্রিল হাওড়ায় ভোটপর্ব শেষ হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সপ্তাহ দুয়েকের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে সাঁকরাইলের রাবার পার্কে আবার সেফ হোম চালু হতে চলেছে। ১৩০টি শয্যা থাকবে সেখানে। যে সব কোভিড রোগীর বাড়িতে আলাদা থাকার জায়গা নেই, তাঁদের সেফ হোমে রাখা হবে। সঙ্গে থাকবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে সেফ হোম চালু করা যায় কিনা, সেই বিষয়ে ভোটের পর সিদ্ধান্ত নেওয়া হবে। হাওড়া জেলার একমাত্র চলমান সরকারি কোভিড হাসপাতাল বালিটিকুরি ইএসআই হাসপাতালে চলছে আইসিসিইউ ইউনিট, এইচডিইউ ইউনিট এবং ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানোর কাজ।
