
নিমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হল মেহগনি গাছের চারা
বনমহোৎসবের পর অরণ্য সপ্তাহের শুরুতেই ছেলের অন্নপ্রাশন। এই শুভদিনটিকে পরিবেশ রক্ষা এবং জল সংকট রুখতে বেছে নিলেন কাটোয়ার এক দম্পতি। অনুষ্ঠানে প্রায় শ’চারেক নিমন্ত্রিতের হাতে তুলে দিলেন মেহগনি গাছের চারা।
কাটোয়ার কলেজপাড়া এলাকার বাসিন্দা সন্দীপ দাস রোণ্ডা প্রাথমিক বিদ্যালয় এবং তাঁর স্ত্রী শ্রাবণী দাস পলসোনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রবিবার ছিল তাঁদের ছেলে হষ্ণিতের অন্নপ্রাশন। কাটোয়ার ডাকবাংলো রোডের একটি লজে ছিল তার অনুষ্ঠান। সেখানে নিমন্ত্রিতদের হাতে একটি করে মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়। যে ব্যাগে করে গাছের চারাগুলি দেওয়া হয়, তার একদিকে ছিল ভোজের মেনু। অন্যদিকে লেখা ছিল পরিবেশ রক্ষার বার্তা।
শিক্ষক-দম্পতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অন্নপ্রাশনে নিমন্ত্রিত মানুষরা। চারাগাছ নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা পরিবেশ রক্ষার অঙ্গীকারও করেছেন।
